রাজধানীতে বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে গ্যাসলাইনের বিস্ফোরণে দগ্ধ দিনমজুর স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বামী ও বুধবার সকালে স্ত্রীর মৃত্যু হয়। 

এর আগে, গত ১৫ জুন বাড়ির পাশে গ্যাসলাইনের পাইপ ভেঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন দিনমজুর আব্দুল কুদ্দুস (৫৮) ও তার স্ত্রী আনিছা বেগম (৫০)। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামে। 

তাদের ছেলে মো. আনিসুর জানিয়েছেন, তার বাবা দিনমজুর ও মা বাসা-বাড়িতে কাজ করতেন। তারা দুজন তেজগাঁওর নাখালপাড়ায় থাকতেন। তাদের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। 

তিনি বলেন, গত ১৫ জুন বাড়ির পাশে টিনের প্রাচীর দিয়ে ভিতরে ভেকু দিয়ে মাটি কাটার কাজ চলছিল। সেখানে মাটি কাটার সময় গ্যাসের লাইনের পাইপ ভেঙ্গে ফেললেও বিষয়টি প্রথমে কেউ বুঝতে পারেনি। 

সেই গ্যাস থেকে রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ বিস্ফোরণে তাদের রুমে আগুন লেগে তারা দগ্ধ হয়। সেসময় তারা দুজনেই ঘুমিয়ে ছিলেন। 

পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আনিছা বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে রাত সাড়ে বারোটায় তার স্বামী আব্দুল কুদ্দুসও

মারা যান। 

আরও পড়ুন: মিরপুরে ছুরিকাঘাতে মোটরসাইকেল চালকের মৃত্যু

চিকিৎসকরা জানান, আনিছার শরীরের ৪০ শতাংশ ও তার স্বামী কুদ্দুসের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল। 

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সালেকীন মিল্লাত তাওফিক জানান, বুধবার দুপুরে ঐ দম্পতির ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর স্বজনরা মরদেহ দুটি নিয়ে যান। 


একাত্তর/এসজে