রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সুরুজ আলী (৪০) সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কৃষক মো. ভোলা মিয়ার ছেলে। তিনি মিরপুর ১২ নম্বর সেকশনে পরিবার নিয়ে থাকতেন।
নিহতের স্ত্রী বন্যা আক্তার বলেন, তার স্বামী রাতে রাইড শেয়ারিং অ্যাপে মোটরসাইকেল চালাতেন। তার ধারণা, ছিনতাইকারীরা তার স্বামীর মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার জন্য তাকে ছুরিকাঘাত করে। তবে মোটরসাইকেলটি নিতে পারেনি তারা।
তিনি জানান, পথচারীরা তার স্বামীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মিরপুরের কালশি কবরস্থানে পাশে তার ভাড়া বাসায় নিয়ে যান। পরে তাকে ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। তার পেটে ছুরিকাঘাতের জখম ছিল।
আরও পড়ুন: রাণীনগরে বজ্রপাতে দুই সহোদর শিশুর মৃত্যু
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, মরদেহটি ঢামেক মর্গে রয়েছে। তবে নিহতের স্ত্রী সঠিক ঘটনাস্থল বলতে পারছেন না। যে স্থানের কথা বলছেন তার কিছু অংশ ভাষানটেক থানার মধ্যে পরেছে। ঘটনাস্থল চিন্তিত করতে সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে।
একাত্তর/এসজে
