পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার (৫ জানুয়ারি) সকালে তিনি রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
এদিন সন্ধ্যায় পায়রা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক বিভাগ) আজিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
গত বছরের ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা এক প্রজ্ঞাপনে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তন এবং রিয়ার এডমিরাল মাসুদ ইকবালকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়।
গত এক জানুয়ারি পায়রা বন্দর কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেন।
রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী সহকারী নৌবাহিনী প্রধান হিসেবে নৌ সদর দপ্তরে কাজ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।