`পরিচয় পত্র ছাড়া এলাকায় চলতে দেয়া হবেনা'

রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আর এই নির্বাচনকে সুষ্ঠু আর শান্তিপূর্ণ করতে চলছে প্রস্তুতি। গোটা শহরে যেন সাজ সাজ রব। পোষ্টারে ছেঁয়ে গেছে শহরটা আর চায়ের দোকানগুলোতে যেন নির্বাচন আলাপের আয়োজন। 

আলোচনার বিষয় এক, কেমন হবে এবারের নির্বাচন? আবার কে বা জিতবে জমজমাট এই নির্বাচনে তা নিয়েও যেন প্রশ্ন চলছে ভোটারদের মুখে মুখে।

চায়ের দোকান থেকে বাসা বাড়ি- আলোচনার কেন্দ্রবিন্দু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। তবে, এই নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক আয়োজন। ১৯২ টি কেন্দ্রের নিরাপত্তায় থাকবেন তিন স্তরে পাঁচ হাজার আইনশৃঙ্খলা সদস্য। এছাড়াও, পুলিশ আর বিজিবির পাশাপাশি টহলে থাকবেন ২৭ জন নির্বাহী হাকিম ও ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 

দেশের মানুষকে একটি মডেল নির্বাচন উপহার দেয়ার কথা জানিয়ে জেলার পুলিশ সুপার বলছেন, ভোটের দিন শহরে চলাচলের সময় অবশ্যই সাথে জাতীয় পরিচয় পত্র রাখতে হবে। বলেন, জাতীয় পরিচয় পত্র ছাড়া এলাকায় কেউ চলাচল করতে পারবেনা। তিনি আরও বলেন, নিরপেক্ষ অবস্থানে থেকে এই নির্বাচনে মোতায়েন থাকবেন তারা।   

এদিকে, রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকও র্যাব পুলিশ বিজিবি এবং নির্বাহী হাকিমদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। বৈঠকে, নির্বাচনের পরিবেশ এবং কারোর কোনো অভিযোগ থাকলে লিখিত আকারে জানালে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার পরিকল্পনা নেন তারা।  

এছাড়াও, স্বাস্থবিধি মেনে, মাস্ক পরে ভোট কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেন তারা। প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভোট পরবর্তী পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতেও সর্তক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। 



একাত্তর/ এনএ