মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল। পরে স্থানীয় ছাত্রলীগ তাদের ধাওয়া করে।
মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে আটটার দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর বাসস্ট্যান্ডে এই মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে ওই এলাকায় প্রায় অর্ধ শতাধিক অটোরিকশা ও মোটরসাইকেল করে আসে বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা। এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মশাল মিছিল করে।
এদিকে মশাল মিছিলের খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে।
তবে অপর একটি সূত্র জানায়, ছাত্রলীগের নেতা কর্মী ও পুলিশ আসার আগেই তারা এক্সপ্রেসওয়ে থেকে চলে যায়।
আরও পড়ুন: চেয়ারম্যানকে লাঞ্ছিতের প্রতিবাদে এমপি’র বিরুদ্ধে বিক্ষোভ
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে।
একাত্তর/এসি