বরিশালে গণসমাবেশের জন্য প্রস্তুত বিএনপি

বরিশাল বিভাগে বিএনপির গণসমাবেশ আজ শনিবার (৫ নভেম্বর)। পরিবহন ধর্মঘটে সেখানে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। 

বিএনপি নেতাকর্মীরা বলছেন, বিধিনিষেধ আর সড়ক-মহাসড়কে চেক পোস্টের কারণে বরিশাল শহরে ঢোকার মত পরিস্থিতি নেই। তবে সব বাধা উপেক্ষা করেই বড় জনসমাবেশ ঘটবে বেলস পার্ক মাঠে, এমনটাই প্রত্যাশা তাদের। 

বরিশালে বিএনপির পঞ্চম বিভাগীয় গণসমাবেশ। গেল চারটি বিভাগীয় গণসমাবেশে যে ধরনের বাধার মুখে পড়েছিলো বিএনপি, বরিশালে তার চেয়ে খানিকটা বেশি বাধার মুখে পড়েছে বলে জানালেন বরিশাল বিভাগের গণসমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীরা।

গত তিন দিন ধরেই সমাবেশস্থলে আসতে থাকেন তারা। আর আগের রাতে ছিল সেখানে লোকে লোকারণ্য। এদিন বিকেলে রাজধানী ঢাকা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাকর্মীরাও পৌঁছান বরিশালে।

ধর্মঘটের কারণে সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে দেশের দক্ষিণের বিভাগ বরিশালে। এতে করে গত বৃহস্পতিবার থেকেই কার্যত বরিশাল মহানগর বিভাগের অন্যান্য জেলা থেকে বিছিন্ন অবস্থায় রয়েছে। এই অবস্থায় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।

এদিকে, সমাবেশের এক‌দিন আগেই রাতে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন বিএন‌পির হাজার হাজার নেতাকর্মী। সমাবেশস্থলেই রাত্রিযাপন করেন বিভাগের ছয় জেলা ও উপজেলা থে‌কে আসা নেতাকর্মীরা। আর তাদের উপ‌স্থি‌তিতে সমাবেশ উপলক্ষে শুক্রবার রাতের ম‌ধ্যেই প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

আরও পড়ুন: ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে বিএনপি তাদের এ কর্মসূচি শুরু করেছিলো। পরে খুলনা, ময়মনসিংহ ও রংপুরে সমাবেশ করেছে দলটি।


একাত্তর/এসজে