নির্বাচনে না এলে বিএনপিকে পালাতে হবে: কাদের

আগামী জাতীয় নির্বাচনে না এলে বিএনপিকে পালাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি আরও বলেন, গত জাতীয় নির্বাচনেও বিএনপি বলেছিল আসবে না। শেষে এসেছিল। না এসে উপায় ছিল না। এবারও পানি ঘোলা করে শেষ বেলায় আসবে।

শনিবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির গণআন্দোলন গোলাপবাগে গরুর হাটে গিয়ে গুরুতর আহত হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেন, বিএনপির আন্দোলনের গতি দেখে ঘোড়াও হাসে, মানুষও হাসে। তারা এখন আহত অবস্থায় ভয়ে ভয়ে পদযাত্রার কথা বলছে। বিএনপির আন্দোলন এখন মরা গাঙের মতো। 

বিএনপির এখন জ্বালার শেষ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘হিংসা করে লাভ নেই। অনেক জ্বালা অনেকের ভেতরে। বিএনপির এখন জ্বালার শেষ নেই।

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে কাদের বলেন, আওয়ামী লীগ ফাইনাল খেলার জন্য প্রস্তুত। খেলা হবে সামনাসামনি। আমরা ভোটচোরদের চিহ্নিত করব।

তিনি বলেন, আমরা মাঠে আছি, রাজপথে আছি। বিএনপি তলেতলে কী কৌশল করছে, আমরা জানি। এবার আগুন–সন্ত্রাস করলে হাত ভেঙে দেওয়া হবে।

বিএনপিকে পাল্টাপাল্টি না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা শান্তি সমাবেশ করছি। নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিনই সমাবেশ হবে।


এখন পর্যন্ত আওয়ামী লীগ কোথাও বিএনপির কর্মসূচিতে বাধা দেয়নি, এমন দাবি করে কাদের বলেন, বিএনপি মহাসমাবেশের ডাক দিয়ে সমাবেশও করতে পারে না।

তিনি বলেন, বিএনপির গণঅভ্যুত্থান কোথায় গেল? আজকেও দেখলাম বড় বড় সব কথা- আমি ওবায়দুল কাদের নাকি পালিয়ে যাবো! কাদের ওয়ান-ইলেভেনেও পালাইনি, জেলে গেছি।

তিনি বলেন, আপনাদের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুকিয়ে আছে লন্ডনে, বিলাসবহুল জীবন, টাকা আর টাকা, ফখরুল টাকার বস্তায় চলে, সমাবেশ করে, টাকা ছেটাচ্ছে।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশে কাদের বলেন, আট-ঘাট বেঁধে নেমেছেন জানি। জানি, লন্ডনের ডান হাত আপনি- ফখরুল নন। সব গোপন খবর আপনি পান। 

তিনি বলেন, আমরা রাজপথে আছি। তলে তলে কৌশল কী করছেন জানি। ভোটে জিততে পারবেন না, সে জন্য এখন চোরাগোপ্তা পথে আবারও আগুন সন্ত্রাস করবেন। প্রস্তুতি নিচ্ছেন জঙ্গিবাদকে আবারও মাঠে নামাবেন, তার ইশারা-আলামত আমরা বুঝতে পারছি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এবার আগুন নিয়ে পোড়াতে আসলে ওই হাত আমরা পুড়িয়ে দেবো; পুড়িয়ে দেবেন। যে হাতে ভাঙচুর করবে সেই হাত আমরা ভেঙে দেবো।

নেতাকর্মীদের তিনি আরও বলেন, আক্রমণে যাবেন না। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করতেই হবে। ২০১৩-১৪ সাল মনে আছে? কীভাবে গাছ-রাস্তা কেটেছে, রেল লাইন পুড়িয়েছে।

বাসে হামলা চালিয়ে নিরিহ যাত্রীকে পুড়িয়েছে, ড্রাইভার-কনডাক্টরকে মেরেছে, সারা বাংলাদেশে ভূমি অফিসে আগুন দিয়েছে, সারা দেশে বিদ্যুৎকেন্দ্র পুড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: ভেঙে পড়লো সূর্যের অংশ, বিজ্ঞানীরা হতবাক

এই বিএনপিকে চিনে রাখুন। এই বিএনপি এবার যদি আগুন নিয়ে আসে, এবার যদি সন্ত্রাস করতে আসে, সন্ত্রাসের কালো হাত আমরা গুঁড়িয়ে দেবো, বলেন কাদের।

এর আগে দুপুর ১২টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলন শেষে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে সভাপতি ও সাবেক ছাত্র নেতা নোমান বখত পলিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন ওবায়দুল কাদের।


একাত্তর/আরবিএস