বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ সংলাপের কোনো বলেনি মন্তব্য করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন আছে বলে তারা মনে করেন না। 

রাজধানীর মতিঝিলে শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা কোনো সংলাপের কথা বলি নাই। বিএনপির সাথে কোনো সংলাপের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।’ 

কেন বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই সে ব্যাখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘কারণ, যারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, যারা নির্বাচনকে প্রতিহত করতে চায়, তাদের সাথে সংলাপ করে কোনো ফায়দা নাই।’ 

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বরং এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। 

আরও পড়ুন: নির্বাচন নিয়ে খেলা শুরু করেছে আওয়ামী লীগ: ফখরুল

তিনি বলেন, আমরা বিএনপির সাথে সংলাপ নিয়ে কোনো কথা বলা হয়নি। জনাব আমির হোসেন আমু, তিনি যে বক্তব্য রেখেছিলেন, পরেরদিনই তিনি নিজেই সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। আগের দিন তিনি যে বক্তব্য রেখেছিলেন সেটি তার ব্যক্তিগত অভিমত ছিল।

এটি বাংলাদেশ আওয়ামী লীগ, সরকার কিংবা ১৪ দল কারো অভিমত ছিলনা বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। 


একাত্তর/আরবি