মধ্যম ও নিম্ন আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে: ফখরুল

নিত্যপণ্যের দাম বিস্ময়করভাবে বাড়তে থাকায় মধ্যম ও নিম্ন আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে বলে মন্তব্য করে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজপথে জনগণের স্রোত থামানো যাবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বর্তমানে দুঃশাসনের প্রকোপ চরম মাত্রায় উপনীত হয়েছে। বিরোধী দল ও মত এখন নিষ্ঠুর নিষ্পেষণে পিষ্ট।

তিনি বলেন, বিএনপির গ্রাম থেকে শহরে কোনো নেতাকর্মীরই স্বাভাবিক জীবন-যাপনে নিরাপত্তা নেই। সর্বত্রই মনে হয় আওয়ামী পুলিশ বাহিনী বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরার জন্য ওঁত পেতে আছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে দুঃশাসনের প্রকোপ চরম মাত্রায় উপনীত হয়েছে। এই আওয়ামী সরকারের আমলে জনসমাজে নারী, পুরুষ নির্বিশেষে স্বাভাবিকভাবে বেঁচে থাকার নিরাপত্তা চরম বিপন্ন। স্বৈরাচারের কবলে পরে দেশের মানুষ শুধু জান-মালের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক শঙ্কিত হওয়ার পাশাপাশি শুধুমাত্র ডাল ভাত খেয়ে বেঁচে থাকার অধিকারও ক্রমান্বয়ে হারাচ্ছে।

বিএনপি মহাসচিব দাবি করেন, ক্ষুধা ও অনাহার এখন জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষের নিত্য সঙ্গী। বর্তমানে কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের বিস্ময়কর বৃদ্ধিতে মধ্যম ও নিম্ন আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে।

তিনি বলেন, ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশব্যাপী সন্ত্রাসী আর বখাটেরা আধিপত্য কায়েম থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, পদে পদে মানুষের জীবন হয়ে পড়েছে বিপদাপন্ন। অপঘাতে প্রতিনিয়ত সাধারণ মানুষ জীবন হারাচ্ছে।

ফখরুল বলেন, সড়কে মৃত্যুর হার প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। শাসকগোষ্ঠীর মদদে এহেন অনাচার ও সহিংস তাণ্ডবের প্রতিবাদ করার জন্যই ঢাকা, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ করা হচ্ছে।

আরও পড়ুন: রেজা ও নুর কৌতুকের জন্ম দিয়েছেন: তথ্যমন্ত্রী

তিনি বলেন, রাজপথে জনগণের বিপুল স্রোত থামানো যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবেই।

অবিলম্বে যশোর ও ঢাকায় গ্রেপ্তার নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান মির্জা ফখরুল।


একাত্তর/আরএ