ঢাকায় আবারও মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি

রাজধানীতে আজ (সোমবার) আলাদা চার স্থানে সমাবেশ করবে আওয়ামী লীগ ও বিএনপি। এরমধ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। আর বিএনপির সমাবেশ হবে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবিতে।

সোমবার দুপুর দুইটায় রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে আলাদা সমাবেশ হবে।

অপরদিকে বিকেল তিনটায় পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বেলা আড়াইটায় আমিনবাজার এলাকায় সমাবেশ করা হবে।

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে বিএনপি গত ১৮ সেপ্টেম্বর সারাদেশে রোডমার্চ, সমাবেশসহ টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করে। ১৯ সেপ্টেম্বর এই কর্মসূচি শুরু হয়েছে।

অপরদিকে বিএনপি কর্মসূচি ঘোষণার পরদিন যৌথ সভা করে আন্দোলন রাজনৈতিকভাব প্রতিহত করতে দেশের বিভিন্ন স্থানে শান্তি, উন্নয়ন সমাবেশসহ আট দিনের কর্মসূচি ঘোষণা করে মাঠে নামে আওয়ামী লীগ। গত শনিবার তাদের কর্মসূচি শুরু হয়েছে।