ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ আসন দুটিতে প্রার্থী চূড়ান্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গণভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন দলনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে মো. শাহজাহান আলী সাজু ও লক্ষ্মীপুর-৩ আসনে গোলাম ফারুককে দলের মনোনয়ন দেওয়া হয়েছে।
আসন দুটিতে আওয়ামী লীগ প্রার্থীদের নাম প্রকাশ করে তিনি বলেন, বিএনপির টার্গেট মিথ্যাচার ও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। নির্বাচন হবে সংবিধান সম্মত আর নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে দেশি-বিদেশি কোনো চাপ, নিষেধাজ্ঞা প্রভাব ফেলবে না।
গত ৩০ সেপ্টেম্বর মারা যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি একেএম শাহজাহান কামাল। পরে এক অক্টোবর সংসদ সচিবালয় এই দুই আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে উপ-নির্বাচন সম্পন্ন করতে হয়। ৩০ সেপ্টেম্বর আসন শূন্য হওয়ার তারিখ হিসেবে এই দুই আসনে উপ-নির্বাচন সম্পন্ন করতে হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।
মঙ্গলবার (৩ অক্টোবর) শূন্য ঘোষিত এই দুই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১১ অক্টোবর (বুধবার) মনোনয়ন দাখিলের শেষদিন, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর (বৃহস্পতিবার), মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর (বুধবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৯ অক্টোবর (বৃহস্পতিবার), প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর (শুক্রবার) এবং ভোটগ্রহণ ৫ নভেম্বর।