আবারও গণসংযোগ কর্মসূচি বিএনপির

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনে জনমত গড়তে দ্বিতীয় দফায় সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আগামী মঙ্গল থেকে বৃহস্পতিবার তিন দিন এই কর্মসূচি পালন করবে বিএনপি।

রোববার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর তিন দিন সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এই কর্মসূচি আমি ঘোষণা করছি।”

বিএনপি ছাড়াও সমমনা জোটগুলোর পক্ষ থেকে বিকালে অভিন্ন এই কর্মসূচি ঘোষণা করা হয়।

ভোট বর্জনে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি করছে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো। বৃহস্পতি থেকে শনিবার গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বিএনপি।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির পণ্ড হয়ে যাওয়া মহাসমাবেশের পর বিএনপিসহ সমমনা জোটদলগুলো চার দফায় পাঁচ দিন হরতাল এবং এ পর্যন্ত ১২ দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি পালন করে।

এসব কর্মসূচিতে যানবাহনে আগুন দেয়া হচ্ছে। রোববারও দিনদুপুরে রাজধানীর জুরাইনে একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। এর আগে শনিবার রাতে রাজধানেীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

হরতাল-অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকে রেলে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে।

গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুরে রেল লাইন কেটে ফেলায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। নিহত হন একজন। আহত হন ১০ জনের বেশি।

১৬ ডিসেম্বর টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দেয় নাশকতাকারীরা। এতে ট্রেনটির দু'টি বগি পুড়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় ট্রেনটির আরেকটি বগি।

এছাড়াও ১৯ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে এবং ২২ নভেম্বর সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের একটি বগিতে আগুন দেয় নাশকতাকারীরা।