এবারের নির্বাচনে রাজনীতিবিদদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই বিভিন্ন অঙ্গনে খ্যাতিমান তারকা প্রার্থীরা। অভিনেতা, গায়িকা-নায়িকা আর ক্রিকেটাররা এবার জমিয়ে দিয়েছেন ভোটের মাঠ। আসুন দেখে নিই তারকা প্রার্থীরা কে কোথায়, কার সাথে ভোটে লড়ছেন।
এবারের নির্বাচনে অন্যতম তারকা প্রার্থী ঢাকা-১০ থেকে নৌকা প্রতীকের ফেরদৌস আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের হাজী মো. শাহজাহান এবং বিএনএফের টেলিভিশন প্রতীকের প্রার্থী মো. বাহারানে সুলতান বাহার। ঢাকা-১০ আসনে এবারই প্রথম ভোট করছেন তিনি। তার আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৯৩৩ জন।
মানিকগঞ্জ-২ আসনের তারকা প্রার্থী নৌকা প্রতীকের মমতাজ বেগম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল। তিনি মোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।
মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসান। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সিরাজুস সায়েফিন সাঈফ। বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব এবারই প্রথম ভোটের মাঠে।
নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে লড়ছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু তাকে সমর্থন জানিয়ে ছেড়েছেন ভোটের মাঠ। এখন তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান।
রাজশাহী-১ আসনে লড়ছেন চলচ্চিত্র অঙ্গনের আরেক তারকা চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বতন্ত্র এই প্রার্থীর প্রতীক ট্রাক। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গত সংসদের এমপি আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী।
নীলফামারী-২ আসনে আরেক নৌকার তারকা প্রার্থী আসাদুজ্জামান নূর। তার প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী একং জাতীয় পার্টির সহসভাপতি শাহজাহান আলী চৌধুরী।
পাবনা-২ আসনে লড়ছেন তারকা সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী। জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম-এর এই প্রার্থীর প্রতীক নোঙ্গর। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গত সংসদের এমপি আহমেদ ফিরোজ কবির।