বেনজীর-আজিজের মতো আরও দুর্নীতিবাজ আছে: বিএনপি

সাবেক পুলিশ ও সেনাপ্রধানের মতো দেশে আরও দুর্নীতিবাজ আছে। বর্তমান সরকারই তাদের সৃষ্টি করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীয় উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা দাবি করেন, এদের দুর্নীতির কারণেই দেশ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জুমা নামাজের পর নয়াপল্টনে গণদোয়ার কর্মসূচি পালন করেন দলটির নেতা কর্মীরা। এতে যোগ দেন কেন্দ্রীয় নেতারা।

পরে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে সরকারের সমালোচনা করে কেন্দ্রীয় নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে যখন নাভিশ্বাস উঠছে, তখন গ্যাস পানি বিদ্যুতের ও জ্বালানী তেলের দাম বাড়ানো হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিদ্যুৎ ও তেলের দাম বাড়ানো হলে- প্রতিটা জায়গায় এর প্রভাব পড়ে। বাংলাদেশকে আবারো তলাবিহীন করে ফেলছে সরকার।

সাবেক পুলিশ ও সেনা প্রধানের সমালোচনা করে দলটির নেতারা দাবি করেন, বর্তমান সরকার এমন বহু দুর্নীতিবাজ সৃষ্টি করেছে। জনগণের সম্পদ লুট করে তারা বিদেশে সম্পদ গড়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অনেক দুর্নীতিবাজ সরকার তৈরি করেছেন। কতো কতো দুর্নীতিবাজ এমন খুঁজলে পাওয়া যাবে, আমি জানি না।

দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপকর্ম ঢাকতেই বিদ্যুৎ পানি ও জ্বালানীর দাম বাড়ানো হয়েছে বলেও দাবি করেন দলটির নেতারা।