বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বাতিল

আগামী এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ঘোষিত পাঁচ দিনের অনুষ্ঠানের টাকা দেশে বন্যার্তদের মধ্যে ত্রাণ হিসেবে বিতরণ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান। 

এর আগে ২১ আগস্ট বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে ফখরুল বলেন, বিভিন্ন জেলায় বিএনপির পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, ত্রাণ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বিএনপি প্রায় এক কোটি টাকা সহায়তা করতে পেরেছে।

দেশে বন্যার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ভারতের বাঁধ খুলে দেওয়ার পরেই বন্যায় পানি বেশি বেড়েছে। কোনো ঘোষণা ছাড়াই পানি ছেড়ে দেওয়ায় মানুষ সরে যাওয়ার সময় পায়নি।  

ভারত থেকে অনেকভাবে বিপ্লবী এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা অপপ্রচার করা হচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ধর্মীয় সংখ্যালঘু নিয়ে তারা অপপ্রচার করছে। ১/১১ এর মতো বিএনপিকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা মনে করি, বিএনপির অবদানকে খাটো করার জন্য এসব অপপ্রচার করা হচ্ছে।  

ফখরুলের দাবি, অনেক জেলায় বিএনপির নাম ভাঙিয়ে ভাঙচুর করা হয়েছে। তারা কেউ দলের ব্যানারে করেনি। অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। 

‘৮০ শতাংশ দখলদারিত্ব বিএনপি নিয়েছে’  জামায়াতের আমিরের এমন মন্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে চক্রান্ত করে বিএনপির নাম খারাপ করার জন্য বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা করা হয়েছে। এসব মানুষের মধ্যে যারা বিএনপির নেতাকর্মী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ১/১১ তেও এ ধরনের কাজ করা হয়েছিলো। জনগণের মধ্যে যেন কোনো বিভাজন তৈরি না হয় সেদিকে লক্ষ্য রেখে রাজনৈতিক নেতাদের বক্তব্য দেওয়া উচিত বলে মন্তব্য করেন ফখরুল। 

ব্যবসায়ীদের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে জানিয়েছে তিনি বলেন, সবাই মনে করে দ্রুত একটা জন প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার। কিন্তু তার জন্য এই সরকারকে সময় দিতে হবে।

নির্বাচিত সরকার না হলে অনেক সমস্যার সমাধান করা যায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্বাচনের যৌক্তিক সময় নির্ধারণ করতে হবে। সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারকে আলোচনা করতে হবে। বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। তবে যারা রাজনীতি করবেন তারা যেন অবশ্যই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে।

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সব ধরনের সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে  সরকারের আলোচনা জরুরি।   

১৯৭৮ সালের এক সেপ্টেম্বর জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

দল গঠনের পর থেকে, বিএনপি যথাক্রমে ১৯৭৯ এবং ১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে। 

জিয়াউর রহমানের নেতৃত্বে আধা-রাষ্ট্রপতি ব্যবস্থার অধীনে গঠিত সরকার এবং সংসদীয় প্রজাতন্ত্রের নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া, যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।