শুধু বিএনপি নয়, দেশ সঙ্কটকাল অতিক্রম করছে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা দ্রুত নির্বাচন চান।
রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিএনপির ক্ষমতায় যাওয়া নিয়ে সরকারের উপদেষ্টাদের বক্তব্য দুর্ভাগ্যজনক মন্তব্য করে ফখরুল বলেন, চক্রান্ত করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না। বিরাজনীতিকরণের চেষ্টা হলে জনগণ তা রুখে দেবে।
নির্বাচন যতো দেরিতে অনুষ্ঠিত হবে, ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা ততো বেশি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
এদিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এই আলোচনায় অংশ নেওয়া সব নেতার বক্তব্যেই ছিলো সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ। এর পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উঠে আসে নেতাদের বক্তব্যে।
দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, ফ্যাসিবাদ চলে গেলেও এখনও অনেকে ফ্যাসিবাদের মতো আচরণ করছে। আর আওয়ামী লীগকে পুনর্বাসন করেই হয়তো তারা নির্বাচন দিতে চায়।
বিএনপিকে নিয়ে নির্বাচন বা ক্ষমতায় যাওয়া প্রসঙ্গে উপদেষ্টাদের বক্তব্য আরও সতর্ক হওয়ারও পরামর্শ দেন দলটির শীর্ষ নেতারা।
২০১৯ এর চার নভেম্বর যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অবিভক্ত ঢাকার সাবেক মেয়র এবং বিএনপি নেতা সাদেক হোসেন খোকা।