বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার (৫ জানুয়ারি) রাত আটটার পর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎটি শুরু হয়।
রাত পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ফিরোজায় পৌঁছান নাই। সূত্রের দাবি, তিনি এলে বৈঠক শুরু হবে।
বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সব ঠিক থাকলে খালেদা জিয়া শিগগিরই লন্ডনের উদ্দেশে রওনা করবেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে ওমরাহ করতে পারেন তিনি।
সূত্রের দাবি, স্থায়ী কমিটির এই সাক্ষাৎ শেষেই আজ রাতেই খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফিরোজায় খালেদা জিয়া সঙ্গে সাক্ষাৎ করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম। এরপর রাত ৮টার দিকে ফিরোজা ত্যাগ করেন তিনি।
তার আগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে গুলশানে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সস্ত্রীক সেনাপ্রধান ফিরোজায় ছিলেন প্রায় ৪০ মিনিট।