বিএনপিকে সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: মির্জা ফখরুল

একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভুল ব্যখ্যা করে বিএনপির বিরুদ্ধে বিরূপ অবস্থা সৃষ্টি করে লাভ হবে না। 

রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনা যখন শেষের দিকে সেই সময়ে এসে বিএনপি সংস্কার চায় না বলে বিভিন্ন মহলে যে আলোচনা হচ্ছে সেটিকে চক্রান্ত হিসেবেই দেখছে দল। 

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের আলোচনা যখন অব্যাহত রয়েছে তখন নিত্য নতুন এমন প্রস্তাব আসছে যেটি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলতে পারে। 

জনগণকে সংযুক্ত না করে বড় কোনো পরিবর্তনের সুযোগ কারো আছে কি না? এসময় সে প্রশ্নও তোলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ভুল ব্যখ্যা করে বিএনপির বিরুদ্ধে বিরূপ অবস্থা সৃষ্টি করে লাভ হবে না। 

নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্র এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি নয় উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণ নির্বাচন চায়; এবং সেটি ফেব্রুয়ারিতেই হবে। 

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হওয়া সহজ হবে। তবে এ বিষয়ে বেশি সময় নেয়া উচিত না।

অপর সদস্য নজরুল ইসলাম খান বলেন, পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) একটি অস্পষ্ট ধারণা। এটি বাস্তবসম্মত নয়, শুধুই আলোচনার খোরাক। 

দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এর ভেতরেই বিচার ও সংস্কার ইস্যুতে দৃশ্যমান অগ্রগতি সম্ভব। তবে, যারা দায়িত্বে তারা কোনো কারণে বিলম্ব করলে সেটির দায় বিএনপি নেবে না বলেও সাফ জানান তারা।