বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
চীনা রাষ্ট্রদূতের আগমনে তাকে উষ্ণ স্বাগত জানান মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে জানান, বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে চীনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।
তবে সৌজন্য সাক্ষাতে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা জানাননি শামসুদ্দিন দিদার।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দফায় চীন সফর করেন বিএনপি নেতারা। সর্বশেষ গত মাসে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির ৯ সদস্যের প্রতিনিধি দল চীন সফর করে আসেন।