ভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত দলগুলোর প্রতি বছর জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
রীতি অনুযায়ী রোববার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব আখতার আহমেদের কাছে ২০২৪ পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট জমা দেয়। ২০২৪ এ দলটির আয় ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা ও ব্যয় ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা।
এরপর সাংবাদিকদের রিজভী বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিলো তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে। সেগুলো সরকারকে মোকাবিলা করতে হবে।
ভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, অতীতে মেরুদণ্ডহীন লোকদের ইসিতে নিয়োগ দিয়ে কারচুপির নির্বাচন করেছে আওয়ামী লীগ। বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে, এমনটাই প্রত্যাশা করে বিএনপি।