উগ্রবাদ ছড়িয়ে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল করার চক্রান্ত চলছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উগ্রবাদ ছড়িয়ে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে। 

শনিবার (৩০ আগস্ট) ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশ একথা বলেন তিনি।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন বাংলাদেশ নির্মাণ কারার সুযোগ পেয়েছি, প্রত্যেকটা মানুষের সমান অধিকার নিশ্চিত করবো। সবাই বাংলাদেশি, অধিকার সবারই সমান।

তিনি আরও বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য অতীতে সুবিচার করা সম্ভব হয়নি, তবে ৩১ দফায় রেইনবো নেশনের কথা বলা হয়েছে।

তারেক রহমানের নেতৃত্বে সব জাতিকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি। 

নগরীর টাউন হল মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশের শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে হাত নেড়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর ঐতিহ্যগত নাচে গানে তারেক রহমানকে বরণ করেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্পীরা।

বৃহত্তর ময়মনসিংহসহ ১২ জেলার ৩৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রায় এক হাজার সদস্য এই জাতীয় প্রতিনিধি সমাবেশে যোগ দেন।