সময় চলে এসেছে, দ্রুতই ফিরে আসবো: তারেক রহমান

জাতীয় নির্বাচনে সরাসরি অংশ নিতে খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, সুস্থ থাকলে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশ নিতে পারেন। দেশে দ্রুত স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচনের অনুষ্ঠানের তাগিদ দেন বিএনপির এই শীর্ষ নেতা। 

দীর্ঘ দু'দশক পর কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে তার সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করেছে বিবিসি বাংলা। যেখানে, সমসাময়িক রাজনীতি ও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তারেক রহমান। ইঙ্গিত দিয়েছেন শীঘ্রই দেশে ফেরার। 

আসছে ফেব্রুয়ারিতে বহুল প্রত্যাশিত নির্বাচনের সময়ে দেশের জনগণের পাশেই থাকার ইচ্ছা প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি জানান ডাকসু ও জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। 

ছবি- বিবিসি

দলের নেতাকর্মীদের বিরুদ্ধে উঠা চাঁদাবাজির অভিযোগেরও জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান কথা বলেন জুলাই অভ্যুত্থান নিয়েও। এখানে কারোর ভূমিকাকে ছোট না করে তিনি বলেন, এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। 

দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করলে তাদের বিচার হওয়া উচিত বলেও জানান তারেক রহমান।

বিগত সময়ে গণমাধ্যমের মুখোমুখি কেন হননি সে প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তাও ছিলো বিএনপির এই শীর্ষ নেতার সাক্ষাৎকারে।