বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ, অভিযোগ বিএনপি নেতা মিলনের

বিএনপি নেতা এহসানুল হক মিলনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কি কারণে, তা জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমনটাই অভিযোগ করেন তিনি। বলেন, কোন কারণে তাকে বিদেশ যাত্রায় আটকানো হয়েছে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই কারো কাছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, বৃহস্পতিবার অপ্রত্যাশিতভাবে আমাকে বিদেশ যেতে না দেয়ার ঘটনা অতীতের ন্যক্কারজনক স্মৃতিগুলো মনে করিয়ে দিয়েছে।

তিনি অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন তুলেছেন কোন কারণে তাকে হয়রানি করা হচ্ছে। তার বিশ্বাস সরকার এই বিষয়টি সুরাহা করবে।

মিলন জানান, ২০ অক্টোবর চিকিৎসার জন্য বিদেশ যেতে বাঁধা আসেনি। কিন্তু হঠাৎ করে কেনো ৩০ অক্টোবর বাধা দেয় হলো সেই প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছেন না তিনি।