নির্বাচিত সংসদ ব্যতীত জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়: রিজভী

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গঠিত সংসদ ব্যতীত জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনায় সভায় এমন মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদ ব্যতীত জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়। যারা জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করছেন তারা, আইন তৈরির বৈধ প্রতিষ্ঠান সংসদের পথে না গিয়ে ভিন্ন পথে যাচ্ছেন বলেও দাবি করেন তিনি। 

এসময় অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে রিজভী আরও বলেন, সরকারের ভেতরেই ভূত আছে, তারা শত্রুপক্ষকে চিহ্নিত না করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে।

আগাম গণভোটের দাবি অবাধ সুষ্ঠু নির্বাচনকে পিছিয়ে দেয়ার চক্রন্ত বলেও অভিযোগ করেন বিএনপির এ সিনিয়র নেতা।