একদলীয় বাকশালে বিএনপি বিশ্বাসী নয়: মঈন খান

একদলীয় বাকশাল ব্যবস্থা দেশের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি বলেন, এ ধরনের একদলীয় শাসনব্যবস্থায় বিএনপি বিশ্বাসী নয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।

নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের বিজয়ী সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মঈন খান আরও বলেন, স্বাধীনতার পক্ষে কাজ করেছে বিএনপি। দলটি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং সেই পথেই এগিয়ে যাবে।

তিনি আরও দাবি করেন, ১৭ বছরের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনের পর জনগণের ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। 

গণতন্ত্র রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।