যারা নাগরিকদের স্বাধীনতায়, মানুষের স্বাধীনতায় বিশ্বাসী, তারা সব আমলেই নির্যাতিত হন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৩০ আগস্ট) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, যাদের অন্তরে স্বৈরাচারী বৈশিষ্ট্য রয়েছে, তারা জনগণকে চিরস্থায়ীভাবে দমন করার জন্য মিডিয়াকে ডান্ডা বা লাঠির মতো নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
পার্শ্ববর্তী দেশ ভারতের গোদি মিডিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে অধিকাংশ গণমাধ্যম এখন শাসকের অনুগত হয়ে কাজ করছে এবং প্রচারযন্ত্রকে ব্যবহার করে মানুষের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।
আলোচনাসভায় তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, মত প্রকাশের ব্যাপারে বর্তমান সরকার একেবারে উদার।
দায়িত্ব নেয়ার পর ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি বড় ধরনের অপতথ্য ছড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।