বিএনপি এখন আওয়ামী লীগের পথেই হাঁটছে: পরওয়ার

গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরবর্তীতে সেই ফলাফলকে অস্বীকার করে সরকারপ্রধান জনগণের সঙ্গে চরম দ্বিচারিতা ও গাদ্দারি করেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার। সরকারের বর্তমান রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করে তিনি মন্তব্য করেছেন, বিএনপি এখন আওয়ামী লীগের পথেই হাঁটছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রক্তে ভেজা ২৮ শে অক্টোবর, ফ্যাসিবাদের উত্থান, কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।

মিঞা গোলাম পরওয়ার বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মতো নানা কায়দায় বিরোধী দলকে আক্রমণ ও দমন করার স্পষ্ট লক্ষণ এই সরকারের কর্মকাণ্ডের মধ্যেও ফুটে উঠছে। ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, লোগি-বৈঠা তাণ্ডবের মামলার নথি পুনরুজ্জীবিত করে সেদিনের খুনিদের বিচার নিশ্চিত করতে না পারলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে নীতিগত কোনো পার্থক্য থাকবে না।

সংবিধান প্রসঙ্গে কথা বলতে গিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা জানান, বিদ্যমান সংবিধান সংশোধনের কোনো নৈতিক বা সাংবিধানিক এখতিয়ার এই সরকারের নেই। দেশে নতুন রাজনৈতিক ও আইনি সংকট এড়াতে তিনি অবিলম্বে গঠিত ‘সংবিধান সংশোধন কমিটি’ বাতিল করার আহবান জানান এবং সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দেন।