দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাণ্ডব প্রতিরোধে সরকার ব্যর্থ: পরওয়ার

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব চললেও সরকার তা প্রতিরোধে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।   

রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।   

প্রতিবেশী দেশের সমালোচনা করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ইসরাইল যেভাবে ফিলিস্তিন দখল করেছে, সেভাবে প্রতিবেশী দেশও বাংলাদেশ দখল করে নতুন ভূখণ্ড গড়ার দুঃস্বপ্ন দেখছে। আইন লঙ্ঘন করে একজন খুনিকে আশ্রয় দিয়ে দেশ দখলের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এ ঘটনায় বাংলাদেশ সরকারের জোরালো প্রতিবাদ জানানো উচিত ছিলো।

কোনো দেশের নাম উল্লেখ না করেই গোলাম পরওয়ার দাবি করেন, বর্তমানে আওয়ামী লীগের নেতাদের চেয়ে প্রতিবেশী দেশের নাগরিকদের বাংলাদেশের রাজনীতিতে বেশি আগ্রহ দেখা যাচ্ছে।   

আলোচনা সভায় বিরোধীদলীয় নেতার সাম্প্রতিক বিদেশ সফরের প্রসঙ্গও টানেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফরকে বিতর্কিত করতে জায়নবাদী গোষ্ঠী গণমাধ্যমে অপপ্রচার চালিয়েছে।   

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে মিয়া গোলাম পরওয়ার জাতিসংঘে ফিলিস্তিনকে একটি মর্যাদাপূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধভাবে দাবি জানানোর আহবান জানান।