আঘাত পেয়ে নেপাল থেকে ফিরলেন তামিম

আঙুলে আঘাত পাওয়ায় নেপালে চলমান এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলা শেষ না করেই দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। 

ইপিএলের ভাইরাহাওয়া গ্ল্যাডীয়েটরসের হয়ে কাঠমান্ডু কিংস একাদশের বিপক্ষে খেলতে নেমে আঙুলে আঘাত পান তামিম। আঙুল ফুলে যাওয়ায় ঝুঁকি না নিয়ে দেশে ফিরে আসেন তামিম। 

একাত্তরকে তামিম জানান, আঙুলে ভালোই আঘাত লেগেছে। এখন ফুলে গেছে। সাবধানতার জন্য মনে হয়েছে না খেলাটাই ভালো হবে। 

আরও পড়ুন: সিরাজগঞ্জ-৬ উপনির্বাচনে নৌকা পেলেন মেরিনা জাহান কবিতা

জানা যায়, দেশে ফিরেই বনানীর একটি হাসপাতালে হাতের স্ক্যান করান তামিম। রিপোর্টে আঙুলে চিড় ধরা পড়েছে। সুস্থ হতে লাগবে কমপক্ষে তিন সপ্তাহ।

গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর হাঁটুর আঘাতের জন্য বিশ্রামে যান তামিম। পরবর্তীতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি।  ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তামিম। এর মধ্যে চারটি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়ে করেছেন ৭৫ রান। 


একাত্তর/আরএইচ