কাতার বিশ্বকাপকে সামনে রেখে রেকর্ড ৭ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সংস্থাটির সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেন, বিশেষজ্ঞরা ফুটবলের দীর্ঘমেয়াদি অর্থ উপার্জনের পূর্বাভাস দিয়েছে।
ফিফা পরিচালনা পর্ষদের বার্ষিক কংগ্রেসে তিনি বলেছেন বর্তমান অবস্থা ‘চমৎকার’ এবং ২০২২ সাল পর্যন্ত ৬০০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও ইতোমধ্যে সেটিকে টপকে ৬.৪ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে।
অতীতের আর্থিক কেলেঙ্কারি ও করোনা মহামারি স্বত্বেও টেলিভিশন সম্প্রচার স্বত্ব, পৃষ্ঠপোষকতা ও বিপনন থেকে এই রাজস্ব আয় করেছে ফিফা। কারণ টেলিভিশন ও ভিন্ন প্লাটফর্মের দিকে বেশি ঝুঁকছে দর্শক।
ফিফা জানায়, ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত টেলিভিশন সম্প্রচার স্বত্ব থেকে আয়ের পরিমাণ নতুন রেকর্ড গড়বে।
আরও পড়ুন: দুই বছর পরপর বিশ্বকাপ, ফিফা কংগ্রেসে সিদ্ধান্ত
ফিফার আর্থিক সার্কেল চার বছর কেন্দ্রিক এবং বিশ্বকাপকে আবর্তন করে চলে। সংস্থাটির ২০২১ এর স্তরে ৭৬৬ মিলিয়ন মার্কিন ডলার আয়ের কথা জানিয়েছে। সাধারণত বিশ্বকাপের বছর ফিফার একাউন্টে সবচেয়ে বেশি রাজস্ব জমা হয়।
একাত্তর/আরএ