দ্রাবিড়, রোহিত ও কোহলিকে তলব করলো বোর্ড

এডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডের কাছে নাকানিচুবানির হার কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেটের কর্তারা। দেশের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে রীতিমতো শঙ্কিত বোর্ড। আগামীতে রোহিতরা কিভাবে চলবেন, তা নিয়ে ভাবতে শুরু করেছে দেশটির বোর্ড। 

তবে তার আগে এডিলেডে কি হয়েছিলো, সেটা ভালো করে জানতে চাইছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা। সেই সঙ্গে করণীয় কি কি হতে পারে সেটাও জানতে চান তারা। এ কারণে বোর্ড তিন জনের ওপর সবচেয়ে বেশি ভরসা রাখতে চাইছেন তারা। 

ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা এবং সাবেক অধিনায়ক বিরাট কোহলির মতামত জানতে চেয়েছেন বোর্ড কর্তারা। আগামী বৃহস্পতিবার এই তিন জনের সঙ্গে বৈঠক করবেন তারা। সেখানেই বিস্তারিত সব কিছু আলোচনা হবে।

নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, মুম্বাইয়ের বোর্ডের সদর দফতরে হবে এই সভা। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর কোচ দ্রাবিড় এবং দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলে এবং তাঁদের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। 

তিনি বলেন, টি-টোয়েন্টি দলের ভবিষ্যতের রাস্তা ঠিক করতে একটি বৈঠক ডেকেছি। আমরা তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চাই না। কোচ এবং সিনিয়র ক্রিকেটারদের মতামত শুনতে চাই আমরা। তার পর বোর্ডের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সেমিতে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে রোহিতের দলের আত্মসমর্পণ ভাল ভাবে নেননি কর্তারা। বিশ্বকাপ শুরুর দু’সপ্তাহ আগে দলকে অস্ট্রেলিয়া পাঠানো হয়েছিলো উইকেট এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। দলের পক্ষে যা যা চাওয়া হয়েছিল, সব কিছুই দেয়া হয়েছিল। 

তার পরেও এই শোচনীয় হারে রেগে আগুন হয়ে আছেন বোর্ড কর্তাদের একাংশ। তাঁরা বেশি অসন্তুষ্ট হারের ধরণ দেখে। না ব্যাটে, না বলে- কোন কিছুতেই প্রতিপক্ষের ধারে কাছে যেতে না পারার কারণ জানতে চাইছেন তারা। দলে কোন সমস্যা আছে কিনা, সেটিও দেখতে চান। 

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ় এবং আমেরিকায়। সে আসরে দলের গড় বয়স কমানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কোচ দ্রাবিড়ের মতামত এবং ক্রিকেটারদের পারফরম্যান্স বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড কর্তারা।

পরিবর্তন আসতে পারে জাতীয় নির্বাচক কমিটিতেও। আসতে পারেন একাধিক নতুন মুখ। গত ১০ মাস ধরে জাতীয় নির্বাচক কমিটিতে পশ্চিমাঞ্চলের কোনও প্রতিনিধি নেই। তাই নতুন করে নির্বাচক কমিটিকেও সাজাতে চান বোর্ড কর্তারা। এক্ষেত্রে গুরুত্ব পাবেন সাবেক ক্রিকেটাররা।


একাত্তর/এআর