আফগানিস্তানকে রুখে দিল বাংলাদেশ

প্রথমার্ধে আফগানদের আটকে রাখার স্বস্তি উড়ে গিয়েছিলো দ্বিতীয়ার্ধের শুরুতেই। শেষ দিকে জেমি ডের শিষ্যরা ঘুরে দাঁড়ায় তপু বর্মনের দারুণ গোলে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে আফগানদের রুখে দিয়ে ফের পয়েন্ট পাওয়ার উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইপর্বে আফগানদের বিপরীতে কাতারের দোহায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিট শেষে গোলশূন্য অবস্থায় বিরতীতে যায় জামালরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে বসে বাংলাদেশ। আক্রমণ আটকাতে লেফট-ব্যাক রহমত মিয়া একটু উপরে উঠে এসেছিলেন। পেছনের ফাঁকা জায়গা পাহারায় রাখতে পারেননি বিপলু আহমেদ। সতীর্থের পাস ধরে নাজেমের কাট ব্যাক আমিরের প্লেসিং শট দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেয়।

সমতায় ফেরার সেরা সুযোগটি বাংলাদেশের নষ্ট হয় ৮০তম মিনিটে। মানিক মোল্লার লম্বা পাস ধরে আব্দুল্লাহর কিছুটা দুরূহ কোণ থেকে নেওয়া শট গোলরক্ষক ওয়াইস আজিজির পায়ে লেগে বাইরে যায়।

এরপর ঠিক চার মিনিট বাদে রাফির হেড নিয়ন্ত্রণে নিয়ে শরীরটা ঘুরিয়ে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন তপু। সমতার উচ্ছ্বাসে মাতে বাংলাদেশের ডাগআউট।

আরও পড়ুন: আফগানদের সঙ্গে গোলশূন্য বিরতিতে জামালরা

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ ‘ই’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে। একটি মাত্র পয়েন্ট এসেছে ভারতের বিপক্ষে কলকাতায় ড্র করে।

আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে শেষ তিন ম্যাচ ছিল বাংলাদেশের হোম ম্যাচ। কিন্তু করোনা ভাইরাসের কারণে ম্যাচ পিছিয়ে নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল ভেন্যুতে।

আগামী ৭ জুন ভারতের বিপক্ষে এবং ওমানের বিপক্ষে ১৫ জুন লড়বে বাংলাদেশ।


একাত্তর/আরএ