বিপিএলের সিলেট পর্বের টিকেটের মূল্যতালিকা প্রকাশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে চলছে দুই দিনের বিরতি। ঢাকা, চট্টগ্রাম পর্বের পর আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের সিলেট পর্ব। যার টিকেট মূল্য এবং কোথায় টিকেট পাওয়া যাবে, সেটা জানিয়ে দিয়েছে বিসিবি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দ্বিতীয় দফায় ঢাকা পর্বের ম্যাচ শেষ হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সিলেটে বিপিএলের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর টিকেট পাওয়া যাবে পাঁচটি ক্যাটাগরিতে। 

বুধবার (২৫ জানুয়ারি) বিসিবির প্রকাশ করা মূল্য তালিকায় দেখা যায়, সর্বনিম্ন টিকেটের দাম ২০০ এবং সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা।

গ্রিন হিল এরিয়া এবং পশ্চিম গ্যালারির জন্য টিকেট মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। পূর্ব গ্যালারিতে খেলা দেখতে হলে গুনতে হবে ৩০০ টাকা। ক্লাব হাউজ গ্যালারির জন্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য সবথেকে বেশি টাকা খরচ করতে হবে, এক্ষেত্রে দর্শকদের দিতে হবে ১৫০০ টাকা। 

ম্যাচের টিকেট সংগ্রহ করা যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের লাক্কাতুরা টিকেট কাউন্টার থেকে এবং সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান ফটকের টিকিট কাউন্টার থেকে। 

ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত টিকেট সংগ্রহ করা যাবে। সুতরাং আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) থেকেই ম্যাচের টিকেট সংগ্রহ করতে পারবে সিলেটবাসী।  

আরও পড়ুন: পোল্যান্ডের নতুন কোচ সাবেক পর্তুগাল বস সান্তোস

টেবিলের শীর্ষে থেকেই নিজেদের ঘরের মাঠে নামবে সিলেট পর্ব শুরু করবে স্ট্রাইকার্সরা। এই পর্বের প্রথম দিন দুপুরে রংপুর রাইডার্সদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির দল।   

পয়েন্ট টেবিলে সিলেটের পরেই সাকিবের বরিশাল অবস্থান করছে, তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চতুর্থ স্থানে আছে রংপুর রাইডার্স।


একাত্তর/আরআই/এসজে