মেসিদের নতুন কোচ মার্টিনো

ইন্টার মিয়ামিতে কোচ হিসেবে যোগ দিচ্ছেন জেরার্ডো টাটা মার্টিনো। তিনি বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলে মেসিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ কাজ করেছেন মেক্সিকো জাতীয় দলের কোচ হিসেবে।

বুধবার কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে মার্টিনোর নাম ঘোষণা করে ইন্টার মিয়ামি।

ইন্টার মিয়ামি বিবৃতিতে বলেছে, টাটা মার্টিনোকে এই ক্লাবে স্বাগত জানাতে পেরে আমরা ভীষণ আনন্দিত। আমাদের বিশ্বাস ক্লাবটির যে আকাঙ্ক্ষা সেটি তিনি পূরণ করতে পারবেন। এক সঙ্গে কী অর্জন করতে পারবো সেটা সম্পর্কে খুবই ইতিবাচক আমরা। টাটা সর্বোচ্চ পর্যায়ে কোচিং করিয়েছেন। আমাদের বিশ্বাস যে শিরোপা লক্ষ্য আছে, সেটি পূরণে তার অভিজ্ঞতা কাজে দেবে।

এদিকে লিওনেল মেসির সঙ্গে সার্জিও বুসকেতসকে পাচ্ছেন ৬০ বছর বয়সী কোচ। বার্সেলোনায় দু’জনকেই কোচিং করিয়েছেন তিনি। কাতালান ক্লাবের বাইরে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে তো আর্জেন্টিনা জাতীয় দলেও কোচিং করিয়েছেন মার্টিনো। ফলে গুরু-শিষ্যের পুনর্মিলনীও বলা যায় এটাকে।

চার সপ্তাহ আগে বহিষ্কার হন ইন্টার মিয়ামির কোচ ফিল নেভিল। চলতি মৌসুমে এমএলএস লিগে ১৮ ম্যাচে ৫ জয় ও ১৩টিতে হারে মিয়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৫টি দলের মধ্যে সবচেয়ে খারাপ রেকর্ড ফল করেছে তারা।

মার্তিনোকে দলে স্বাগত জানান ইন্টার মায়ামি ক্লাবের সহমালিক হোর্হে মাস। বলেন, ইন্টার মায়ামিতে আমরা ‘টাটাকে’ স্বাগত জানাই। আমাদের বিশ্বাস, আমাদের লক্ষ্য পূরণ করতে পারবেন তিনি। সর্বোচ্চ পর্যায়ে কোচিং করিয়েছেন টাটা। শিরোপা জয়ে তার অভিজ্ঞতা কাজে লাগবে।

আরও পড়ুন: চারদিন পর ঢাকা আসছেন মার্তিনেজ

মার্টিনোর মেজর লিগ সকারে আগেও কাজ করার অভিজ্ঞতা আছে। আটলান্টা ইউনাইটেডে দুই বছর দায়িত্ব পালন করে জিতেছেন এমএলএস কাপ। ২০১৮ সালে জিতেছেন মেজর লিগ সকারের বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ডও।


একাত্তর/আরএ