সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। আর অবসর ভেঙে ফিরে বিশ্রামে যাওয়া তামিম ইকবালের জায়গায় দলে নেওয়া হয়েছে মোহাম্মদ নাঈমকে। পেস বিভাগেও এসেছে পরিবর্তন। তাসকিন আহমেদের জায়গায় খেলছেন ইবাদত হোসেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হলো বাংলাদেশ। প্রথম ম্যাচে ডি/এল নিয়মে ১৭ রানে হেরে সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজের আজকের ম্যাচটি তাই লিটন দাস–সাকিব আল হাসানদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।
জয়ের বিষয়ে আশাবাদী লিটন দাস। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তামিম হুট করে অবসরের ঘোষণায় দলের পরিবেশে কোন প্রভাব পড়বে না। আগের মতোই থাকবে।
লিটন বলেন, উনি (তামিম) আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। সামহাউ যদি ইনজুরি হতো আমরা কিন্তু উনাকে ছাড়া খেলতাম। আমার কাছে মনে হয় না এরকম কিছু পরিবর্তন (পরিবেশে) আসবে। আগের মতোই থাকবে সব কিছু।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।
আরও পড়ুন: আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়: মাশরাফি
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও সেলিম সাফি।
একাত্তর/আরএ