মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ এক সেঞ্চুরি করে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাসকিন আহমেদের অর্ধশতকের সাথে জুটি বেঁধে দ্বিতীয় দিনে ভালো সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 

টেস্টে এটি মাহমুদউল্লাহ রিয়াদের পঞ্চম সেঞ্চুরি। অন্যদিকে ব্যাটসম্যান হিসেবে অভিষেক হাফ সেঞ্চুরি করলেন তাসকিন আহমেদ। 

দ্বিতীয় দিনে ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। নবম উইকেটে মাহমুদউল্লাহ ও তাসকিনের যুগলবন্দীতে সহজেই ৩০০ রানের ফলক পার করে বাংলাদেশ। 

সকালে খেলা শুরুর পর থেকেই উত্তাপ ছড়িয়েছেন জিম্বাবুয়ের বোলাররা। ৮৬তম ওভারে তাসকিন আহমেদের নাচের ভঙ্গি দেখে তার সাথে তর্কে জড়ান পেসার ব্লেসিং মুজারাবানি। তাসকিনও ছেড়ে কথা বলার পাত্র নন। দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় ভালই উত্তাপ ছড়িয়েছে মাঠে। 

আরও পড়ুন: ৫৫ বছরের আক্ষেপ কাটিয়ে বড় আসরের ফাইনালে ইংল্যান্ড!

আবার ৮৮তম ওভারে ভিক্টোর নিয়াউচির সাথে মাহমুদউল্লাহ রিয়াদের মধ্যস্থতা তো আম্পায়ার এরাসমাসকেই করতে হলো। বোঝাই যাচ্ছে, বাংলাদেশি ব্যাটসম্যানরা বেশ হতাশই করেছেন জিম্বাবুয়ের বোলারদের। 

লাঞ্চ বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪০৪ রান। মাহমুদউল্লাহ ও তাসকিন যথাক্রমে ১১২ ও ৫২ রানে অপরাজিত রয়েছেন।  


একাত্তর/এসজে