ব্রাজিলের বিপক্ষে ফাইনালে ডি মারিয়ার গোল আর্জেন্টিনাকে ম্যাচ জেতালেও কোপার সেরাদের তালিকায় জায়গা হয়নি তার।
অন্যদিকে, ইউরোর সেরা একাদশে ঠাই হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পেলেও পারফরম্যান্সে মন গলেনি উয়েফার।
আনহেল দি মারিয়ারা যেনো আজীবন রয়ে যান আড়ালে, হয়ে যান মেঘে ঢাকা তারা; মন্দের পর ভালোও খেলেন, দরজায় কড়া নাড়েন, তবুও পান না সাড়া।
কোপার ফাইনাল ওর পায়ে ভর করেই জিতেছে আর্জেন্টিনা, ফাইনাল সেরার তকমাটাও জুটেছে, তবুও জায়গা মেলেনি সেরা একাদশে, স্বপ্নের দেশে।
কোপার সেরা একাদশে জায়গা পেয়েছে চার আর্জেন্টাইন, সবার ওপরে আছেন লিওনেল মেসি, আছেন চীনের মহাপ্রাচীর হয়ে কলম্বিয়াকে রুখে দেয়া এমিলিয়ানো মার্তিনেজ।
জাদুর কাঠিতে দরজা খোলেনি, তবুও ভালো খেলার দলে নাম আছে নেইমারের, ব্রাজিল থেকে আছে আরো দুই জন, একজন ডিফেন্ডার, আরেকজন দাপট দেখিয়েছেন মিডফিল্ডে।
সেরা একাদশে ফাইনাল খেলা দুই দলের বাইরে যার নাম খুব চকচকে, সে হলো কলম্বিয়ার লুইস দিয়াজ, মেসির সমান চারটা গোল আছে ওর নামের পাশে।
এদিকে, ইউরোর সেরা একাদশ আরো চমকে দিয়েছে, অনেকেই আছেন তবুও কে যেনো একটা নেই, আর না থাকা সেই মানুষটার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো; বেশি গোলের হিসেব ওকে গোল্ডেন বুট দিলেও উয়েফার মন গলেনি।
আরও পড়ুন: মুশফিকুর রহিমের পরিবারের ৫ সদস্য করোনা আক্রান্ত
ইউরো সেরা একাদশে ইতালির জয়জয়কার, সাত ম্যাচের তিনটাতে জাল ছিল অক্ষত, সেমি আর ফাইনালে পেনাল্টি সেভে দারুণ নৈপুন্য ইতালির গোলরক্ষক দোনারুমাকে করেছে সেরাদের সেরা।
সব মিলিয়ে ইতালির পাঁচ জন আছেন সেরাদের তালিকায়, বোনুচ্চি ও জর্জিনিয়োরাই দেখাচ্ছেন দাপট; বাকি ছয়জন এসেছে শেষ ষোলোর বাধা ডিঙানো নানা দল থেকে।
একাত্তর/আরবিএস