মরক্কো ও সেনেগালের পথে পথে উৎসবের আমেজ

আফ্রিকা কাপ অফ নেশনস ফুটবলের ফাইনালে মরক্কো এবং সেনেগালের নাটকীয় জয়ে দুই দেশেই এখন উৎসবের আমেজ। সেমিফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে মরক্কো এবং মিশরকে হারিয়ে সেনেগাল শিরোপার লড়াইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করার পর, উচ্ছ্বসিত জনতা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে।

প্রথম সেমিফাইনালে ইউসেফ এন-নেসিরি জয়সূচক পেনাল্টিটি জালে জড়ান এবং গোলরক্ষক ইয়াসিন বোনো বুনো দুটি গুরুত্বপূর্ণ সেভ করে মরক্কোর ৪-২ ব্যবধানে পেনাল্টি শ্যুটআউট জয় নিশ্চিত করেন।

বুধবার রাবাতের প্রিন্স মৌলে আবদাল্লাহ স্টেডিয়ামে ৬৫,৪৫৮ জন দর্শকের সামনে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ০-০ গোলে ড্র থাকে। নাইজেরিয়ার গোলরক্ষক স্ট্যানলি ওয়াবালি একটি পেনাল্টি আটকাতে সক্ষম হলেও, বোনো স্যামুয়েল চুকউয়েজকে দুবার রুখে দিয়ে ম্যাচের ভাগ্য মরক্কোর দিকে ঘুরিয়ে দেন।

অন্য সেমিফাইনালে সাদিও মানে আবারও তার লিভারপুলের সাবেক সতীর্থ মোহাম্মদ সালাহর ওপর আধিপত্য বজায় রেখে সেনেগালকে ১-০ ব্যবধানে জয় এনে দেন।

সালাহর আফ্রিকান চ্যাম্পিয়ানশিপ জয়ের স্বপ্ন আবারও অপূর্ণই থেকে গেল- এর আগে ২০২১ সালের ফাইনালেও মানের সেনেগালের কাছে পেনাল্টিতে হেরেছিল মিশর, যার মাধ্যমে সেনেগাল তাদের প্রথম শিরোপা জিতেছিল।

ম্যাচের ৭৮ মিনিটে ডেডলক ভাঙেন মানে। লামিন কামারার একটি শট প্রতিহত হওয়ার পর পেনাল্টি বক্সের বাইরে থেকে এক জোরালো শটে বলটি গোলপোস্টের নিচের বাঁ কোণ দিয়ে জালে জড়ান তিনি।

আগামী রবিবার রাবাতে অনুষ্ঠেয় ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক মরক্কো এবং ২০২১ সালের চ্যাম্পিয়ন সেনেগাল।