মোস্তাফিজ ঝড়ে বিধ্বস্ত নিউজিল্যান্ডের টপ অর্ডার

মোস্তাফিজুর রহমানকে স্ট্রেট ড্রাইভে চার মেরে নিউজিল্যান্ডের ইনিংস শুরু করেন ফিন অ্যালেন। প্রথম ওভারে প্রথম বলে বাউন্ডারি! দ্বিতীয় ওভারেও প্রথম বলে বাউন্ডারি... বাদ গেল না তৃতীয় ওভারও!

তবে সুসময় এমন করে আর সঙ্গ দেয়নি কিউইদের। তৃতীয় ওভারের তৃতীয় বলে ভালো লেংথ থেকে বল তুলে উইল ইয়াংকে আউট করেন মোস্তাফিজ। বল তার ব্যাটের কানা ছুয়ে লিটনের গ্লাভসে জমা পড়ে। আট বলে কোনো রান না করেই ফেরেন ইয়াং।

নিউজিল্যান্ড ৩ ওভার শেষে ১ উইকেটে ১৭। উইকেটে আসেন নতুন ব্যাটসম্যান চ্যাড বস।

ঝড়ের পূর্বাভাস দিয়ে ছিলেন ফিন অ্যালেন। তবে পূর্বাভাসেই থামলো তা। টানা দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজের শিকার হলেন তিনি। মোস্তাফিজের বলে স্লিপে সৌম্য সরকারের দারুণ ক্যাচে আউট হয়ে গ্যালারিতে ফেরেন অ্যালেন।

ক্যারিয়ারের প্রথম ওভারেই চ্যাড বসকে শিকার করেন খালেদ। ওভারের পঞ্চম বলে পুল করতে গিয়ে মিডউইকেটে তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন তিনি। অষ্টম ওভারে এসে তৃতীয় উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ৩৬ রান।

প্রথম পাওয়ারপ্লে শেষে নিউজিল্যান্ড তুলেছে ৪১ রান, কিন্তু হারিয়ে ফেলেছে ৩ উইকেট। আবারও ইনিংস মেরামতের কাজটি এসে পড়েছে হেনরি নিকোলসের ওপর, সঙ্গী টম ব্লান্ডেল।

১২তম ওভারে নিউজিল্যান্ড পেরোয় ৫০। এরপর রানের গতি বাড়িয়েছে নিউজিল্যান্ড। সর্বশেষ খালেদ দিয়েছেন ৭ রান। তিন পেসারকে ঘুরিয়ে ফিরিয়ে ১৪ ওভার করানোর পর প্রথমবারের মতো স্পিনার মেহেদী হাসানকে এনেছেন লিটন। ১৪ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৭০/৩।