একদিন আগে খেয়েছেন বাংলাদেশের ফুচকা আর ঝালমুড়ি। আর বুধবার জাতীয় নারী ক্রিকেট দলের সাঙ্গে মাঠে আড্ডা দিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
শুধু আড্ডাই নয় ব্যাট প্যাড পরে ২২ গজে নেমেছিলেন লু। সঙ্গে ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের নারী ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তারসহ নারী দলের ১১ ক্রিকেটার ছিলেন। আম্পায়ার সাথিরা জাকির জেসিও ছিলেন ক্রিকেটারদের সঙ্গে।
বিসিবির প্রতিনিধি হয়ে আসেন হেড অব উইমেন’স উইং হাবিবুল বাশার। এছাড়া বসুন্ধরা গ্রুপের সহ-সভাপতি সাফওয়ান সোবহান, বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের সভাপতি ইমরুল হাসানও ছিলেন।
বিকাল চারটায় অনুষ্ঠান সূচি থাকলেও কিছুটা দেরিতে শুরু হয়। শুরুতেই ডোনাল্ড লু ও পিটার হাস নারী ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন।
পরিচয় পর্বের পর শেষে চলে ফটোসেশন। কয়েক আঙ্গিকে ফটোসেশন পর্বটি সাজানো হয়। এরপরই ক্রিকেটাররা চলে যান মাঠে। যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মকর্তার সঙ্গে ক্রিকেট খেলেন কিছুক্ষণ।
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, নারী জাতীয় দলের সঙ্গে ক্রিকেট খেলে আমি অনেক খুশি। বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি, দারুণ খুশি। বাংলাদেশ উইমেন্স নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশকে দেখে আমি খুবই রোমাঞ্চিত।
এরপর সাবেক নারী ক্রিকেটার ও বর্তমান আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা সাথিরা জাকির জেসির প্রশংসা করে ডোনাল্ড লু বলেন, আমি ধন্যবাদ জানাই আজকের ম্যাচে আম্পায়ারিং হিসেবে দায়িত্ব পালন করা সাথিরা জাকির জেসিকে। তিনি বাংলাদেশের লিজেন্ড, পুরো বিশ্বের লিজেন্ড। ধন্যবাদ সবাইকে, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
এদিকে বাংলাদেশের অধিনায়ক নিগার বলেছেন, খুব উপভোগ করেছি, তারা তো পেশাদার ক্রিকেটার নয়। ওনাদের আগ্রহ দেখে খুব ভালো লেগেছে। ক্রিকেটের বিষয়ে অনেক প্রশ্ন করেছিলেন। দেখে মনে হয়েছে ওনারা রোমাঞ্চিত। ওদের দেশে বিশ্বকাপ, ওগুলো নিয়ে অনেক কথা হলো।