চেন্নাই টেস্টের শুরুতেই হাসানের তিন উইকেট

চেন্নাই টেস্টে দুর্দান্ত শুরু করেছে টাইগাররা। টসে জিতে বোলিং নিয়েই চেপে ধরেছে ভারতীয় ব্যাটারদের। দলীয় ৩৪ রানের মধ্যেই তিন উইকেট হারাল স্বাগতিকরা। রোহিত, গিলের পর তারকা ব্যাটার বিরাট কোহলিকেও সাজঘরে ফিরিয়েছেন পেসার হাসান মাহমুদ। 

ম্যাচের দশম ওভারে হাসান মাহমুদের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দেন কোহলি। এর ফলে, ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৩৪ রান। যশ্বী জয়সওয়াল এবং ঋষভ পান্থ এখন ক্রিজে ব্যাট করছেন।

বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি পেসারদের দেখেশুনেই খেলছিলেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং যশ্বী জয়সওয়াল। তবে চতুর্থ ওভারে রোহিতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন হাসান। কিন্তু আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন শান্ত। তবে বল বেল্টে লাগায় বেঁচে যান ভারতীয় অধিনায়ক।

এরপর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি রোহিত। হাসানের পরের ওভারেই দ্বিতীয় স্লিপে ধরা পড়েন তিনি। এরপর ক্রিজে নেমে চেন্নাইয়ের পিচের চরিত্র বোঝার আগেই সাজঘরে ফেরেন শুভমান গিল। অষ্টম ওভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সেই সঙ্গে জোড়া উইকেট তুলে নেন হাসান।

এরপর জয়সওয়ালকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বিরাট কোহলি। কিন্তু দশম ওভারের দ্বিতীয় বলে হাসানের তৃতীয় শিকার বনে যান এই কিংবদন্তি ক্রিকেটার। ৬ বলে ৬ রান করে মাঠ ছাড়েন তিনি।