ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থার জন্য সাময়িকভাবে স্থগিত হলেও অবশেষে ফিরছে আইপিএল। শনিবার (১৭ মে) রাত আটটায় ধুন্ধুমার লড়াইয়ে নিজেদের ঘরের মাটিতে কোলকাতা নাইট রাইডার্সকে আতিথ্য দেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
এবারের সিজনটা বেশ ভালো কাটাচ্ছে ব্যাঙ্গালুরু। শেষ পাঁচ ম্যাচে রজত পাতিদারের দল হেরেছে কেবল একটিতে। এখন পর্যন্ত ১১ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বেঙ্গালুরু। প্লে অফের দৌড়ে সামনের সারিতেই আছে দলটি।
অন্যদিকে সময়টা তেমন ভালো যাচ্ছে না কলকাতার। শেষ পাঁচ ম্যাচে দুটিতে হার। ১২ ম্যাচ খেলে পাঁচ জয়ে ১১ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ছয় নম্বরে।
প্লে অফের রেসে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আজিঙ্কা রাহানের দলের। আইপিএলে এখন পর্যন্ত দুদলের দেখা হয়েছে ৩৫ বার, ২০ জয় নিয়ে এগিয়ে টিম নাইট রাইডার্স।