দিলারার ফিফটিতেও নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।

সোমবার (১৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আজমানে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৯ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন দিলারা আক্তার। ৪৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এ ছাড়া অধিনায়ক নিগার সুলতানা করেন ২০ রান। স্বর্ণা আক্তারের ব্যাট থেকে আসে ১৯ রান। নেদারল্যান্ডসের হয়ে হেদার সিগার্স ২১ রান দিয়ে ৪ উইকেট নেন।

১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নেন স্টেরি কালিস। ৫০ বলে ৮টি চারের সাহায্যে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। ফ্রেডেরিক ওভারডাইক ১১ বলে অপরাজিত ১২ রান করে তাকে সঙ্গ দেন।

বাংলাদেশের হয়ে রাবেয়া খান ২২ রান দিয়ে ২ উইকেট নেন। এ ছাড়া রিতু মনি ও সানজিদা আক্তার মেঘলা একটি করে উইকেট পান।