সব রেকর্ড ওলটপালট করে সূর্যবংশীর ডাবল সেঞ্চুরি !

লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসেই একাধিক বিশ্ব রেকর্ড নিজের করে নিলেন ভারত ‘এ’ দলের ওপেনার বৈভব সূর্যবংশী। মঙ্গলবার (২৪ নভেম্বর) দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি, দেড় শ ও ডাবল সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। ২৮টি ছক্কা মেরে গড়েছেন স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও।

পূর্বে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন তিনি। দেড় শ রান পূর্ণ করতেও আগের রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে দেড় শ রান করেছিলেন তিনি নিজেই। এবার সেই মাইলফলকে পৌঁছেছেন মাত্র ৪০ বলে।

ডাবল সেঞ্চুরিতেও নতুন ইতিহাস গড়েছেন এই বাঁহাতি ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে আগের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। ১০৩ বলে দুই শ রান করেছিলেন তিনি। সূর্যবংশী সেই রেকর্ড ভেঙেছেন মাত্র ৫২ বলে। অবশেষে ৫৩ বলে ২০৪ রানে শেষ হয় তার মহাকাব্যিক ইনিংস।

ছবি: সংগৃহীত

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সূর্যবংশী। প্রথম ফিফটি পূর্ণ করেন মাত্র ১৬ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডও তাঁর দখলে। চলতি বছরই ১১ বলে অর্ধশতক করেছিলেন তিনি।

ছক্কার রেকর্ডেও সবাইকে ছাড়িয়ে গেছেন সূর্যবংশী। ২০৪ রানের ইনিংসে হাঁকিয়েছেন ২৮টি ছক্কা। স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে এত ছক্কা আর কেউ মারতে পারেননি। আগের রেকর্ডটি ছিল ভারতের তন্ময় আগারওয়ালের। রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচে ২৬টি ছক্কা মেরে ৩৬৬ রান করেছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ২৩টি। এই কীর্তি ছিল ডার্সি শর্ট ও কলিন মানরোর।

ব্যাটিংয়ের তাণ্ডবে স্ট্রাইক রেটেও নতুন রেকর্ড গড়েছেন সূর্যবংশী। তাঁর ইনিংসের স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৯০, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ।

সূর্যবংশীর এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.২ ওভারেই পেরিয়ে যায় ভারত ‘এ’। দুই শ বা তার বেশি রান তাড়ায় এটিও বিশ্বরেকর্ড।