রেকর্ডের পর রেকর্ড গড়ে ৭২০ রানে থামল ভারত

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম

নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ রান করে নতুন ইতিহাস গড়েছে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ৭২০ রান করে ইনিংস ঘোষণা করেছে দলটি। এতে প্রথম ইনিংসে ভারতের লিড দাঁড়িয়েছে ৩৫২ রান। দলের প্রথম সাত ব্যাটারই খেলেছেন পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। লোকেশ রাহুল ও ঋষভ পান্তের সেঞ্চুরির পাশাপাশি বড় ইনিংস খেলেছেন আরও কয়েকজন।

ওয়েলিংটনে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩৬৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন ভারতীয় ব্যাটাররা। প্রায় ওভারপ্রতি সাড়ে চার রান করে তুলেছে দলটি।

নিউজিল্যান্ডের মাটিতে এর আগে সফরকারী কোনো দলের এক ইনিংসে সর্বোচ্চ রান ছিল ৬৬০। ১৯৯৫ সালে একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজ ওই রান করেছিল। ৩১ বছর পর সেই রেকর্ড ভাঙল ভারত।

এ ছাড়া নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ছিল স্বাগতিকদের দখলে। সাত বছর আগে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে ৭১৫ রান করেছিল তারা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল ভারত।

যদিও টেস্টে ভারতের এর চেয়েও বেশি রান করার নজির রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে চেন্নাইয়ে ৭৫৯ রান তাদের এক ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৭২৬ রানের ইনিংস খেলেছিল দলটি।

টেস্টের এক ইনিংসে ৭০০-এর বেশি রান করার ক্ষেত্রে শ্রীলঙ্কার রেকর্ড সবচেয়ে বেশি। দলটি এখন পর্যন্ত সাতবার এ কীর্তি গড়েছে। পাঁচবার এমন কীর্তি গড়ে তালিকার পরের অবস্থানে রয়েছে ভারত।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ম্যাচের প্রথম ইনিংসে ভারতের প্রথম সাত ব্যাটারই অন্তত অর্ধশত রান করেছেন। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ আট ব্যাটারের পঞ্চাশোর্ধ্ব রানের রেকর্ডও ভারতের। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে এ কীর্তি গড়েছিল দলটি। তবে টেস্ট ইতিহাসে এই প্রথম প্রথম সাত উইকেটের প্রতিটিতে অন্তত পঞ্চাশ রানের জুটি গড়ল ভারত।

এদিকে এশীয় ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন ঋষভ পান্ত। গতকাল লোকেশ রাহুলও এ তালিকায় যুক্ত হন। এ নিয়ে এশিয়ার নয়জন ক্রিকেটার এ কীর্তি গড়লেন।

টেস্টে উইকেটরক্ষক হিসেবে এটি পান্তের নবম সেঞ্চুরি। এ ক্ষেত্রে তার ওপরে রয়েছেন শুধু অ্যাডাম গিলক্রিস্ট ও অ্যান্ডি ফ্লাওয়ার। গিলক্রিস্টের সেঞ্চুরি ১৭টি, আর ফ্লাওয়ারের ১২টি।

৯৫ রানে থাকার সময় ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন পান্ত। এর মধ্য দিয়ে ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়িয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ১০৮টি ছক্কার মালিক হয়েছেন তিনি। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাককালামের ছক্কা ১০৭টি। টেস্টে সর্বোচ্চ ১৩৮টি ছক্কার রেকর্ড ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকসের।

ভারতের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৩৬ রান করেছেন লোকেশ রাহুল। পান্তের ব্যাট থেকে এসেছে ১২৮ রান। অধিনায়ক শুভমান গিল করেছেন ৯৮ রান। এ ছাড়া যশস্বী জয়সওয়াল ৮৫, দেবদূত পাডিক্কাল ৮০ ও ধ্রুব জুরেল ৭৮ রান করেছেন।

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস। ব্যাট হাতে সেঞ্চুরি করার পর বল হাতেও অন্তত ১০০ রান খরচ করার কীর্তি গড়া পঞ্চম নিউজিল্যান্ডের ক্রিকেটার তিনি। এ ইনিংসে ফিলিপস খরচ করেছেন ১৫৪ রান।

অন্যদিকে টেস্টের এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২০১ রান খরচের বিব্রতকর রেকর্ড গড়েছেন পেসার জ্যাকব ডাফি। এ ক্ষেত্রে সর্বোচ্চ ২২৯ রান খরচের রেকর্ড রয়েছে স্টিফেন বুকের।

একাত্তর/কেআই
কুঁচকির চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া ম্যাচটির আগে শনিবার...
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে প্রথম টেস্টের তৃতীয় দিনে দাপুটে ব্যাটিং করেছে ভারত। দিন শেষে সফরকারীদের সংগ্রহ চার উইকেটে ৪৮৬ রান। রানের পাহাড় গড়ার পথে বিরল এক কীর্তি গড়েছে দলটি। ৯৪ বছরের টেস্ট...
প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেই ঘাটতি পেরিয়ে বাংলাদেশ লিড নিতে পেরেছে মাত্র ১১ রানের। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১২ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস হার এড়িয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে একের পর এক উইকেট হারিয়ে বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছে দল। শেষ স্বীকৃত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজও আউট হয়ে যাওয়ায়...
ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যুদ্ধবিরতির মধ্যেই গাজা সিটিতে খাদ্য সহায়তাবাহী একটি গাড়িতে ইসরাইলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) নগরীর তেল আল-হাওয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক...
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী ছয় ঘণ্টায় প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬’। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর