ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) এবং মরক্কো জাতীয় দলের তারকা ফুটবলার আশরাফ হাকিমি ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।
মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ আদালত পর্যন্ত গড়িয়েছে। মঙ্গলবার নানতেরে প্রসিকিউটরের কার্যালয় নিশ্চিত করেছে, হাকিমির বিরুদ্ধে মামলাটি বিচারের জন্য পাঠানো হয়েছে। ২০২৩ সালে এক তরুণীর করা অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছিল।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হাকিমি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি লিখেছেন, আজকাল শুধুমাত্র একটি অভিযোগই বিচারের জন্য যথেষ্ট, যদিও আমি এটি অস্বীকার করছি এবং সব কিছুই প্রমাণ করে যে এটি মিথ্যা।
হাকিমি আরও যোগ করেন, এটি নির্দোষদের জন্য যতটা অন্যায়, প্রকৃত ভুক্তভোগীদের জন্যও ঠিক ততটাই। আমি শান্তভাবে এই বিচারের অপেক্ষা করছি, যা সত্যকে জনসমক্ষে নিয়ে আসবে।
হাকিমির আইনজীবী ফ্যানি কলিন অভিযোগকারী নারীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। তিনি জানান, বিচার শুরু হওয়ার আদেশ দেওয়া হয়েছে এমন এক নারীর কথার ভিত্তিতে যিনি সব ধরনের তদন্তে বাধা দিয়েছেন। কলিনের দাবি অনুযায়ী, ওই নারী কোনো মেডিকেল পরীক্ষা বা ডিএনএ টেস্ট করতে রাজি হননি, এমনকি তাঁর মোবাইল ফোন এবং মূল সাক্ষীর নাম প্রকাশ করতেও অস্বীকৃতি জানিয়েছেন।
অন্যদিকে, অভিযোগকারীর আইনজীবী র্যাচেল-ফ্লোর পার্দো আদালতের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, তাঁর মক্কেল বিচার শুরু হওয়ার খবর শুনে স্বস্তি পেয়েছেন। তিনি আরও মন্তব্য করেন যে, পুরুষ ফুটবলের জগতেও ‘#MeToo’ আন্দোলনের প্রভাব পড়া জরুরি।
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট রাউন্ডের প্লে-অফ টাইয়ের ফিরতি লেগে বুধবার মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। গত মঙ্গলবার প্রকাশিত দলের প্রাথমিক স্কোয়াডে হাকিমির নাম ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি মাঠে নামবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
পিএসজি কোচ লুইস এনরিকে এ বিষয়ে বলেন, এই বিষয়টি এখন সম্পূর্ণ কর্তৃপক্ষের হাতে। ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই ডিফেন্ডারের ক্যারিয়ার এখন আদালতের রায়ের ওপর নির্ভর করছে। একদিকে হাকিমি যেমন তাকে নির্দোষ প্রমাণে আত্মবিশ্বাসী, অন্যদিকে অভিযোগকারীও ন্যায়বিচারের প্রত্যাশা করছে।