বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ ব্যালন ডি'অরের দৌড়ে তিনি অন্যতম প্রধান দাবিদার হয়ে উঠলেও, ব্যক্তিগত এই পুরস্কার নিয়ে তিনি খুব একটা মাথা ঘামাচ্ছেন না বলে জানিয়েছেন।
২০০১ সালে মাইকেল ওভেনের পর আর কোনো ইংলিশ ফুটবলার ব্যালন ডি'অর হাতে তোলার স্বাদ পাননি। এবার সেই দুই দশকের খরা কাটানোর খুব কাছাকাছি কেইন। তবে ট্রফি জয়ের পথটা মোটেই সহজ নয়, কারণ তাঁর সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন সময়ের দুই অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপে।
স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা'-কে দেয়া এক সাক্ষাৎকার কেইন বলেন, নিজের সম্পর্কে বেশি কথা বলা আমার কখনোই পছন্দ নয়। তবে এটুকু বলব, গত মৌসুমটি ব্যক্তিগত এবং দলীয়, দুই দিক থেকেই আমার জন্য অবিশ্বাস্য ছিল। নিঃসন্দেহে এটি ছিল আমার জীবনের সেরা মৌসুম।
২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির গড়ে রাখা ঐতিহাসিক ৮২ গোলের পর কেইনের এই ৭৩ গোলই এক মৌসুমে কোনো ফুটবলারের সর্বোচ্চ গোল।
নিজের এই গোল সংখ্যা নিয়ে গর্বিত হলেও বিশ্বসেরার মুকুট মাথা উঠবে কি না, তা নিয়ে কেইনের জবাব বেশ কৌশলী, আমি এই অর্জনে অত্যন্ত গর্বিত... কিন্তু ব্যালন ডি'অর তো আমার হাতে নেই। এটি নির্ভর করছে যারা ভোট দেবেন তাদের ওপর। আমার কাছে গত মৌসুম এখন অতীত। আমি এখন নতুন মৌসুমে মনোযোগ দিচ্ছি এবং দেখতে চাই সামনে আর কী অর্জন করতে পারি।
আগামী ২৬ অক্টোবর জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত এই ব্যালন ডি'অর বিজয়ীর নাম।
তথ্যসূত্র: রয়টার্স
