বাংলা সিনেমার প্রিয় মুখ, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী আজ পা দিলেন জীবনের ৫২তম বছরে। দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন এই নায়িকা। চিরচেনা হাসি, মায়াবী চোখ আর পর্দায় সাবলীল অভিনয়ে তিনি জয় করে নিয়েছেন কোটি দর্শকের ভালোবাসা।
শুধু অভিনয় নয়, তিনি পরিচালক ও প্রযোজক হিসেবেও সফলতা অর্জন করেছেন। পারিবারিক জীবনে অভিনেতা ওমর সানীর সঙ্গে তার দাম্পত্য জীবনও বিনোদন জগতের অন্যতম প্রিয় জুটি হিসেবে পরিচিত।
চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন সব সময়ই বিশেষ কিছু অভিনেতা ওমর সানীর কাছে। কিন্তু গত দুই বছর ধরে দিনটি ঘটা করে উদ্যাপন করতে পারছেন না এই ঢালিউড অভিনেতা। কারণ, মৌসুমী এখন যুক্তরাষ্ট্রে, ওমর সানী দেশে। এবারের জন্মদিনেও পাশে নেই মৌসুমী।
দূরে থাকলেও ফেসবুকে ভালোবাসা জানিয়ে ওমর সানী লিখেছেন, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।
১৯৭৩ সালের এই দিনে খুলনা জেলায় জন্ম নেন মৌসুমী। তার বাবা নাজমুজ্জামান মনি এবং মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনয় ও গানের প্রতি প্রবল আগ্রহ ছিল তার। স্বপ্ন পূরণের পথে তিনি অংশ নিয়েছিলেন জনপ্রিয় আয়োজন ‘আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতা’-তে এবং বিজয়ী হন। এরপরই টেলিভিশনের বিভিন্ন বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
চলচ্চিত্রে 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমার মধ্য দিয়ে অভিনয়ের জগতে পা রাখেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে। দর্শকদের উপহার দিয়েছেন একের পর জনপ্রিয় ছবি। বেশ অল্প সময়ের মধ্যেই 'দোলা', 'অন্তরে অন্তরে', 'দেনমোহর', 'স্নেহ' এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে আলাদা একটা জায়গা করে নেন তিনি। এখন পর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী।
দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায় লিখিয়েছেন নাম। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে মৌসুমী চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ২০০৫ সালে পরিচালনা করেন ‘মেহের নিগার’। ২০১৬ সালে শূন্য হৃদয় নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেন।
উল্লেখ্য, অসহায় মানুষের জন্য কাজ করতে 'মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন' নামে তার একটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। ইউনিসেফের শুভেচ্ছাদূতও হয়েছিলেন। ২০২৩ সাল থেকে নিউইয়র্কে অবস্থান করছেন। স্বামী অভিনেতা ওমর সানী বর্তমানে বাংলাদেশে অবস্থান করলেও অভিনেত্রীর মা অসুস্থ হওয়ায় দীর্ঘ ২ বছর যুক্তরাষ্ট্রেই মায়ের সেবাযত্ন করছেন প্রিয়দর্শিনী এ নায়িকা।