‘মার্কিন বিরোধী নীতিতে’ ব্রিকসের সাথে যুক্ত হলে যে কোনো দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৭ জুলাই) ব্রিকস সদস্য দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এ কড়া বার্তা দেন তিনি।
ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে চলছে ব্রিকস জোটের সম্মেলন। উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে নিয়ে গঠিত হওয়া এই জোটের বিরুদ্ধে এবার প্রকাশ্যেই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।
তবে ঠিক কোন নীতিকে ‘মার্কিন বিরোধী’ হিসেবে চিহ্নিত করছেন ট্রাম্প, সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি তিনি।
তার এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে শুরু হয়েছে জল্পনা। ব্রিকস সম্প্রসারণ এবং তেল, মুদ্রা বা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করাই তার এই প্রতিক্রিয়ার কারণ কিনা সে বিষয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, ব্রিক্স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট। ২০১৪ সালে এসব দেশ মিলে এনডিবি প্রতিষ্ঠা করে। ব্যাংকটির সদরদপ্তর চীনের শিল্পনগরী সাংহাইয়ে। বিশ্ব অর্থনীতির ৪০ ভাগ ব্রিকসভুক্ত পাঁচ দেশের আওতায় রয়েছে। এছাড়া, বিশ্বের মোট জিডিপি’র চার ভাগের একভাগ এই পাঁচ দেশ নিয়ন্ত্রণ করে।
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোসহ ব্রিকসের সদস্য দেশগুলোর অবকাঠামো নির্মাণ এবং টেকসই উন্নয়নে অর্থায়নের লক্ষ্য নিয়ে এনডিবি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল- ব্রিকসভুক্ত দেশগুলোর মার্কিন ডলার এবং ইউরোর ওপর নির্ভরশীলতা কমানো।