‘প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেয়া হবে না’

আইনি প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পলাতক শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও বিভিন্ন প্রচারণা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অর্থ খরচ করে বা ভাড়া করে অনেক কিছুই লেখানো যায়, কিন্তু প্রত্যাশা আর বাস্তবতা এক নয়। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেয়া হবে না। কেউ খাটে ঘুমিয়ে দুঃস্বপ্নে হেঁটে বা বিমানে বাংলাদেশে চলে আসার স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়।

তিনি স্পষ্ট করে বলেন, শেখ হাসিনা কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন; তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা সম্ভব।

দেশের মানুষ সন্ত্রাসী বলতে এখন ‘আওয়ামী টেররিজম’ বা আওয়ামী লীগের গোষ্ঠীকেই বোঝে উল্লেখ করে হুমায়ুন কবির দাবি করেন, দিল্লি থেকে এর পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, যা দেশের সবারই জানা। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এটি এখন পালিয়ে যাওয়ার এবং মরার স্লোগানে পরিণত হয়েছে; স্লোগানটি শুনলেই মনে হয় কেউ দৌড়ে পালাচ্ছে।

দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকারের পেছনে দেশের মানুষের শক্ত অবস্থান রয়েছে। ফলে সরকার অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জনগণকে আস্থায় নিয়ে পরিস্থিতি মোকাবিলা করছে।

আওয়ামী লীগের সমর্থকদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ আখ্যা দিয়ে তিনি বলেন, এসব ঘটিয়ে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হলেও সাধারণ মানুষ ভয় পাচ্ছে না; বরং জড়িতরাই এখন আতঙ্কে আছে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায় এবং এ ধরনের অপতৎপরতার কোনো গ্রহণযোগ্যতা নেই উল্লেখ করে তিনি বলেন, মানুষই এদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে। আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে সরকার অত্যন্ত দৃঢ় অবস্থানে থাকবে এবং যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।